ঠাকুরগাঁওয়ে গুলি

৭ বিজিবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ নিল আদালত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুরে গরু জব্দ করা নিয়ে গ্রামবাসীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সংঘর্ষের সময় গুলিতে তিনজন নিহত ও ১৫ জন আহত হওয়ার ঘটনায় আলাদা তিনটি অভিযোগ আমলে নিয়েছে আদালত। গতকাল রবিবার জেলার বিচারিক হাকিম ফারহানা খান অভিযোগ আমলে নিয়ে আদেশের জন্য ৬ মার্চ দিন নির্ধারণ করেন।

৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ, বিজিবি সদস্য হাবিবুল্লাহ, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, মুরসালিন, বায়নুল ইসলাম ও জিয়াউর রহমানের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করেন নিহত নবাব আলীর বাবা নজরুল ইসলাম, সাদেক হোসেনের ভাই মো. বাসেদ ও শিশু জয়নুলের বাবা নুর ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, নিহত তিনজন যাদুরানী হাটে বাজার করার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বহরমপুর এলাকায় পৌঁছালে বিজিবির সদস্যরা আটক করে তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সাদেক, জয়নুল ও নবাব নিহত হয়।

মামলার বাদী নুর ইসলাম অভিযোগ করে বলেন, ‘থানায় ঘুরে মামলা না হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছি। আদালতের কাছে ন্যায্য বিচার পাব বলে আশা করি।’

আদালতে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলামেরও। তিনি বলেন, আগামী ৬ মার্চ আদেশে বোঝা যাবে, অভিযোগ মামলা হিসেবে দায়ের করা হবে কি না।

গত ১২ ফেব্রুয়ারি জেলার হরিপুর উপজেলার বহরমপুরে ভারত থেকে পাচার করে আনা বলে কিছু গরু জব্দ করে বিজিবি। এ নিয়ে বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও ১৫ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়।