রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরবর্তী করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় সভায় ভারপ্রাপ্ত শিল্প সচিব মো. আবদুল হালিমকে না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। গতকাল রবিবার বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এ সভা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১০ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডের পর গঠিত কমিটির সুপারিশগুলো তুলে ধরেন ত্রাণ সচিব শাহ কামাল। তিনি বলেন, ‘প্রথম সুপারিশ ছিল জরুরি ভিত্তিতে আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম বা কারখানা সরিয়ে নেওয়া। এখন সব কমিটির সুপারিশেও এটা আছে।’
তিনি মুখ্য সচিবের উদ্দেশে বলেন, ‘আমাদের এখন টাইমলাইন দিয়ে দিতে হবে যে, কবের মধ্যে দাহ্য পদার্থ সরবে। এর দায়িত্ব শিল্প মন্ত্রণালয়ের। আমার মনে হয় শিল্প মন্ত্রণালয়ের যিনি রিপ্রেজেন্ট করছেন তিনি বলতে পারবেন কত তারিখের মধ্যে এটা সরিয়ে নেবেন।’ এ সময় শিল্প মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘স্যার গুদাম তো আমরা নিয়ন্ত্রণ করি না। লাইসেন্স তো আমরা দিই না।’
তখন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ওই কর্মকর্তার কাছে জানতে চান, ‘শিল্প সচিব কোথায়?’ ওই কর্মকর্তা বলেন, ‘তিনি বরিশাল গেছেন, ওখানে আরেকটি প্রোগ্রাম আছে।’ এর পরিপ্রেক্ষিতে নজিবুর রহমান বলেন, ‘চকবাজার ছাড়া বাংলাদেশের তো কোনো গুরুত্বপূর্ণ জায়গা দেখছি না এ মুহূর্তে।’
বরিশালে ভারপ্রাপ্ত শিল্প সচিবের কী কর্মসূচি ছিল জানতে চাইলে শিল্প মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এসডিজি বিষয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টতা ও তাদের করণীয় নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে বরিশাল যান শিল্প সচিব। তিনি অনুষ্ঠান শেষে সন্ধ্যার মধ্যে ঢাকায় চলে আসেন।