আশুলিয়ায় রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে জসিম উদ্দিন (২৮) নামে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের আরও তিন সদস্য। সোমবার ভোর ৪টার দিকে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।
নিহত জসিম উদ্দিন মাদারীপুর জেলার সদর থানার বামনদি গ্রামের মোকছেদ মিয়ার ছেলে। তিনি তিনি গত ২০১৭ সালের জুন মাসের ১৩ তারিখে আশুলিয়া থানায় যোগদান করেছিলেন।
থানা পুলিশ জানায়, সোমবার ভোর রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে থানায় ফেরার পথে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পৌঁছলে এএসআই জসিম উদ্দিনের বহনকৃত পুলিশের পিকআপভ্যানের সঙ্গে একটি রডবোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে পুলিশ ভ্যানে থাকা চার সদস্যকে গুরুতর আহত অবস্থায় আশুলিয়ার নারী শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন- পুলিশ ভ্যানের চালক দুলাল মিয়া, কনস্টেবল নাজমুল হুদা এবং অনিক আহমেদ। তাদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বর্তমানে আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, পুলিশ সদস্যের মৃত্যুতে সকল পুলিশের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।