পুরান ঢাকা থেকে আগামী ছয় মাসের মধ্যে দাহ্য ও রাসায়নিক দ্রব্যের গুদাম সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ে অগ্নিকা-ের ঘটনা-পরবর্তী করণীয় নির্ধারণে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ শিল্পসচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা পুরান ঢাকার সমস্যা সমাধানে পথ খুঁজছি। অগ্নিকা-ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সঙ্গে আলোচনা করে জানা গেছে, রাজধানী থেকে রাসায়নিক দ্রব্যের গুদাম সরানো ছাড়া কোনো উপায় নেই।’ তিনি বলেন, আবাসিক এলাকায় দাহ্য ও রাসায়নিক দ্রব্য থাকতে দেওয়া যাবে না। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে এটি সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পুরান ঢাকা থেকে দাহ্য ও রাসায়নিকের গুদাম সরিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রচলিত নিয়মের কোনো তোয়াক্কা করা হবে না। সরকারি কর্মকর্তাদের প্রতি ব্যবসায়ীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, অগ্নিকা-ের এ ঘটনা কেন্দ্র করে ব্যবসায়ীদের কোনো প্রকার হয়রানি ও আতঙ্ক সৃষ্টি করবেন না। কারণ তারাই দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারকে ভ্যাট-ট্যাক্স দেন।
সবাই সচেতন হলে এত বড় দুর্ঘটনা ঘটত না জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না। এ জন্য সিটি করপোরেশন, রাজউক, সংশ্লিষ্টদের সচেতন হতে হবে।’