কর্মশালায় পরিকল্পনামন্ত্রী

তথ্য-উপাত্তে বড় ঘাটতি রয়েছে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে শত বছরের ডেলটা প্ল্যান অন্যতম। কিন্তু এসব পরিকল্পনা বাস্তবায়নে তথ্য-উপাত্তেব যথেষ্ট ঘাটতি রয়েছে। বিলিয়ন বিলিয় ন ডাটা ঘাটতি পূরণে উদ্যোগ নিতে হবে। এ জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ বিভিন্ন জায়গায় সংরক্ষিত তথ্য-উপাত্তের সঠিক ব্যবহার করতে হবে। সোমবার রাজধানীর ফার্মগেটে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন ডাটা : প্রিসিয়াস রিসোর্স অব টোয়েন্টিন্থ সেঞ্চুরি’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বাস্তবায়ন প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এম জিয়াউল ইসলাম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আশাদুল ইসলাম ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমরা দেশের শতভাগ অঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে চাই। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই, সাক্ষরতা নিশ্চিত করতে চাই। কিন্তু এসব কার্যক্রম সম্পন্ন করতে আমাদের কাছে যথেষ্ট ডাটার প্রয়োজন। এই ডাটা ঘাটতি পূরণ করতে হবে।’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ২০২০ সালের মধ্যে আমরা আশা করছি, ই-প্রকিউরমেন্ট বা ইজিপি বাস্তবায়ন করতে পারব। কারণ প্রকল্প স্বচ্ছতার জন্য এটা বাস্তবায়ন করা খুব দরকার।