আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীসহ বহিষ্কার ৪

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেনসহ জেলার চার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কারের বিষয়টি গতকাল সোমবার নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন। তিনি জানান, গত রোববার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ইকবালকে বহিষ্কার করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ আবদুল মজিদ খান উপস্থিত ছিলেন।

এদিকে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন জানান, দলীয় প্রার্থীর পরিবর্তে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের পক্ষে কাজ করায় একই দিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান, আজমিরীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ রায় ও সদস্য আমিনুল ইসলামকে বহিষ্কার করা হয়।

বহিষ্কার প্রসঙ্গে ইকবাল হোসেন বলেন, উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি দল থেকে উন্মুক্ত রাখা হয়েছে। জেলার সব উপজেলাতেই দলের একাধিক প্রার্থী রয়েছেন। শুধু তাকে বহিষ্কার করা অন্যায়। জনগণ নির্বাচনে তাকে বিজয়ী করে এর সমুচিত জবাব দেবেন।

বহিষ্কৃত আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তাই দলের লোকজনই মনোনীত ও বিদ্রোহী প্রার্থী হয়েছেন। মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে, এমন কোনো নির্দেশনা কেন্দ্র থেকে দেওয়া হয়নি। তিনি বলেন, বহিষ্কারের ফলে বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট আরও বাড়বে।