ডাকসু নিয়ে রিট

ছাত্রদল নেত্রীর আবেদন নিষ্পত্তির নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনের ওপর কোনো আদেশ দেয়নি হাইকোর্ট। তবে ২৪ ঘণ্টার মধ্যে ভোটার তালিকায় রিটকারী ফাহমিদা মজিদ ঊষার নাম অন্তর্ভুক্তির পাশাপাশি প্রার্থী হওয়ার বিষয়ে করা আবেদন নিষ্পত্তি করতে এ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত না করার বিষয়ে গতকাল সোমবার রুলও জারি করে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ। 

গত রবিবার হাইকোর্টে রিট আবেদনটি করেন ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ফাহমিদা মজিদ ঊষা। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১১ ফেব্রুয়ারি ঘোষিত ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা ও বাছাইয়ের দিন নির্ধারিত আছে। এ নির্বাচনে ভোট হবে আগামী ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।