বরিশাল বিশ্ববিদ্যালয়

পরীক্ষা না দেওয়ায় ৭৬ শিক্ষার্থীকে আট লাখ টাকা জরিমানা!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের একটি কোর্সের পরীক্ষায় অংশ না নেওয়ায় ৭৬ জন শিক্ষার্থীকে জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। ফের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে এসব শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে। সপ্তম সেমিস্টারের ফাইনাল কোর্সের পরীক্ষার আগে এক সহপাঠী অসুস্থ হয়ে পড়ায় এসব শিক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নেননি।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা জানান, গত বছর ২৪ অক্টোবর মার্কেটিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সপ্তম সেমিস্টারের ফাইনাল কোর্সের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার দুদিন আগে ২২ অক্টোবর মামুন-উর-রশিদ নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মামুন অসুস্থ থাকায় তার কোনো সহপাঠীই ওই পরীক্ষায় অংশ নেননি। পরে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ ফেব্রুয়ারি অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। এতে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে জরিমানা করে বিশেষ বিবেচনায় ওই কোর্সটির ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী মামুন-উর-রশিদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমার শারীরিক অবস্থা বিবেচনা করে সহপাঠীরা পরীক্ষায় বসেনি। কর্র্তৃপক্ষ পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলেও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে। উপাচার্য মহোদয়ের কাছে আবেদন, আমার অসুস্থতার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে জরিমানা মওকুফ করা হোক।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক বলেন, ‘এখন পরীক্ষা নিতে হলে নতুন করে পরীক্ষার সব ব্যবস্থা করতে হবে। তাই খরচ হিসেবেই তাদের কাছ থেকে ১০ হাজার টাকা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকাডেমিক কাউন্সিল।’

বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা পড়াশোনা করছে তারা অনেকেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের শাস্তি দিতে গিয়ে ১০ হাজার টাকা জরিমানা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’