মোস্তাফিজের পরামর্শ কাজে লাগাতে চান ইবাদত

নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। টেস্টে ভালো করতে হলে নিউজিল্যান্ডের গতিময় উইকেটে বড় অবদান রাখতে হবে পেস বোলিং বিভাগকে। মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন এই চার জননে নিয়ে গড়া বাংলাদেশের পেস বোলিং আক্রমণ। যেখানে ইবাদত টেস্ট অভিষেকের অপেক্ষায়। রাহি ও খালেদেরও খুব বেশি অভিজ্ঞতা নেই আন্তর্জাতিক ম্যাচের। তুলনায় মোস্তাফিজ বেশ অভিজ্ঞ। তাই মোস্তাফিজের কাছ থেকে পাওয়া পরামর্শই হ্যামিল্টনে কাজে লাগাতে চাচ্ছেন ইবাদত।

ইবাদতের এখনো কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি। তবে দুই বছর আগে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে ছিলেন শিক্ষানবিশ হিসেবে। রাহি খেলেছেন ৩টি করে টেস্ট ও টি-টোয়েন্টি। খালেদের অভিজ্ঞতা মাত্র ১ টেস্টের। আর মোস্তাফিজের রয়েছে ১২ টেস্ট, ৪৩ ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা। মোস্তাফিজের কাছ থেকেই তাই পরামর্শ নিতে ভুলছেন না ইবাদত, রাহি ও খালেদ।

তা সতীর্থদের কি পরামর্শ দিচ্ছেন মোস্তাফিজ? ইবাদত জানালেন সে কথা, ‘‘মোস্তাফিজ কিন্তু অনেক অভিজ্ঞ বোলার। আমি, খালেদ এবং রাহি মোস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম ওর এখানে শেষ ওয়ানডে খেলার যে অভিজ্ঞতা…। সে যেটা বলল, এই সব উইকেটে নতুন বল ব্যবহার করাটা অনেক জরুরী। যত সামনে বল করা যায় এবং ধারাবাহিকভাবে বল করা যায়।’

‘‘সে আরেকটা জিনিস বলল যে আমরা ওভারে ছয় টা বল পাই, এখানে চারটা বল আমরা শুধু ধারাবাহিকভাবে বল করব। আর দুইটা বল চেষ্টা করব যেন উইকেট-টেকিং বল করতে পারি। এই জিনিস নিয়ে আমরা আলোচনা করেছিল। ওর কাছ থেকে অনেক সাহায্য পাচ্ছি।’’

এখন মোস্তাফিজের এই পরামর্শ পেসাররা কাজে লাগাতে পারলেই হয়। ওয়ানডে সিরিজে পেস বোলিং বিভাগ সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। টেস্টে ভালো করতে হলে অবশ্য পেসারদের ভালো করার বিকল্প নেই।