চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে মারাত্মক ভাবে আহত ইউপি সদস্য এমরান চৌধুরী (৪৫) মারা গেছেন। তিনি কান্দর আলি চৌধুরী বাড়ির ওমর চৌধুরীর পুত্র এবং গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
সোমবার রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, সোমবার বিকেলে তিনি ইছাপুর বাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
এমরানের স্ত্রী ডেইজি জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে জামশেদ নামে এক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে ইছাপুর বাজারে ছুরিকাঘাত করায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি জানান তিনি।
ইউপি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার জানান, ছুরিকাঘাতে নিহত ইউপি সদস্য এমরানের লাশ ময়নাতদন্ত শেষে বাড়িতে আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ইউপি সদস্যের সাথে জায়গা সম্পত্তি নিয়ে জামশেদ নামক এক ব্যক্তির শ্বশুর জাকারিয়ার বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে জামশেদ ক্ষিপ্ত হয়ে তাকে (ইউপি সদস্য) ছুরিকাঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে তিনি মারা যান।
এব্যাপারে থানায় কোন মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো মামলা হয়নি। তবে ছুরিকাঘাতকারী জামশেদকে ধরার জন্য অভিযান চলছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলার করলে মামলা নেওয়া হবে।