সীমান্তরেখা পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে মঙ্গলবার বিমান হামলা চালিয়েছে ভারত। অভিযানে জইশ-ই-মুহাম্মদের শীর্ষ কমান্ডারসহ ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। এই ঘটনার জন্য ভারতীয় বিমানবাহিনীর প্রশংসায় মুখর এখন ভারতীয় ক্রীড়াঙ্গন।
কিংবদন্তি শচীন টেন্ডুলকার থেকে শুরু করে সাইনা নেহওয়াল সবাই প্রশংসা করেছেন ভারতীয় বিমান সেনাদের।
ঘটনার পর টুইট বার্তায় শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘‘প্রতিবেশীরা যেন আমাদের দুর্বল না ভাবে। ভারতীয় বিমানবাহিনীকে সালাম। জয় হিন্দু।’’
ক্রিকেটার সুরেশ রায়না লিখেছে, ‘‘ভারতীয় বিমানবাহিনীকে আমার সালাম। সাহস দেখাল তারা। সাহসী পদক্ষেপ।’’ অজিঙ্কা রাহানে লিখেছেন, ‘‘ভারতীয় বিমানসেনাদের জন্য গর্বিত। জঙ্গি হানার কড়া জবাব দিল তারা। তোমাদের জন্য গর্বিত। জয় হিন্দি।’’
বিরেন্দ্র শেবাগ টুইট করেছেন স্বভাবসুলভ ভঙ্গিমায়, ‘‘ছেলেরা দারুণ খেলল।’’ আর আগেই পাকিস্তানের বিপক্ষে যুদ্ধের ডাক দেওয়া গৌতম গম্ভীর লিখেছেন, ‘‘জয় হিন্দি, ভারতীয় বিমানবাহিনী।’’
১৩দিন আগে কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ৪০ জনেরও বেশি ভারতের আধাসামরিক জওয়ান নিহত হয়। এই পর থেকেই দুই দেশের রাজনৈতিক সম্পর্ক চরমে পৌঁছে। ক্রীড়া তারকারাও মুখর ছিল। বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ বাতিলের দাবি তুলেছে সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে হরভজন সিংরা।
পুলওয়ামা হামলার বদলা হিসেবেই এদিন সীমান্তরেখা অতিক্রম করে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী।
ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল টুইট করেছেন এভাবে, ‘ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানাই...জয় হিন্দ।’’ এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘ইন্ডিয়া স্ট্রাইক ব্যাক।’ কিদাম্বি শ্রীকান্ত লিখেছেন, ‘‘ভারতীয় বায়ুসেনাকে স্যালুট। প্রতিটা ভারতীয় আজ গর্বিত। জয় হিন্দ।’’
সাক্ষী মালিক লিখেছেন, ‘‘একটা সুন্দর সকাল। নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। ভারতীয় জওয়ানদের সেলাম। জয় হিন্দ।’’