ফেনীতে ওবায়দুল কাদের

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি হচ্ছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি হচ্ছে। গতকাল মঙ্গলবার ফেনী সার্কিট হাউসে সড়ক ও জনপথ অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। গত সোমবার রাতে খালেদা জিয়ার হাত ও পায়ের ব্যথা কিছুটা বেড়েছে বলে জানান অধ্যাপক মো. আবদুল জলিল চৌধুরী। তিনি দেশ রূপান্তরকে আরও জানান, খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি রাজি হলে কারা কর্র্তৃপক্ষের মাধ্যমে তাকে বিএসএমএমইউতে আনা হবে।

ওই বক্তব্যের পরের দিন ফেনীতে ওবায়দুল কাদের বলেন, ‘বেগম খালেদা জিয়া যতটা না অসুস্থ, এর চেয়ে তার অসুস্থতা নিয়ে বেশি রাজনীতি করা হচ্ছে। এ বিষয়টিতে তারা রাজনৈতিক কালার দিতে চাইছে। নীতিনির্ধারণীতে বিএনপি দুর্বল এবং নেতিবাচক রাজনীতির কারণে তারা ক্রমেই জনসমর্থন হারাচ্ছে। তারা নির্বাচনেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ।’

পিলখানা ট্র্যাজেডি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিদ্রোহের দিন বেগম খালেদা জিয়া ২৪ ঘণ্টা কোথায় লুকিয়ে ছিলেন, সে রহস্য উদ্ঘাটিত হলে এ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটিত হবে। কেন তাকে লুকিয়ে থাকতে হলো? পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার দিন সকালবেলা থেকে ২৪ ঘণ্টা তার অবস্থান কেউ জানত না।’বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘কেঁচো খুঁড়তে চাইলে বিষধর সাপ বেরিয়ে আসবে।’ ওই সময় তিনি ফখরুলের কাছে জানতে চান, তিনি খালেদা জিয়াকে কোথায় লুকিয়ে রেখেছিলেন।

মতবিনিময়ের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।