রাজধানীর কারওয়ান বাজারে ‘সেভ অ্যান্ড ফ্রেশ ফুড লিমিটেড’ নামে একটি হিমাগারে অভিযান চালিয়ে হাজার মণ মেয়াদোত্তীর্ণ পচা মাছ ও মাংস উদ্ধার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘হিমাগারটিতে প্রচুর পচা মাছ ও মাংস রয়েছে। ব্যবসায়ীরা কিছু মাংস ও মাছ সরানোর চেষ্টা করেছিল। ২০১৬ সালে প্যাকেটজাত করা মাংসের মেয়াদ ২০১৭ সালের ৪ অক্টোবর শেষ হয়ে গেছে। প্রায় ১০ থেকে ১৫ কেজি ওজনের কোরাল মাছ সংরক্ষণের মেয়াদও শেষ হয়েছে দুই বছর আগে। ভারতীয় কোম্পানি ‘রুস্তম ফুডের’ মেয়াদোত্তীর্ণ মালামালগুলো সরবরাহ করে ‘ফুড চেইন এশিয়া লিমিটেড’ নামে একটি আমদানিকারক কোম্পানি। র্যাবের পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, ১৯০ মণ মহিষের মাংস, ৮শ মণ ভেড়ার মাংস, ৫ হাজার কেজি চিকেন নাগেট, ১শ মণ ভেড়ার পাঁজরের হাড়, ২শ মণ গরুর মাংস উদ্ধার করা হয়েছে।
এসব পচা মাছ ও মাংস রাজধানীর বিভিন্ন খাবারের দোকান ও সুপার শপে সরবরাহ করা হতো। অভিযানে সহায়তা করে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।
মীনা বাজারকে দেড় লাখ টাকা জরিমানা :
তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রচার করায় সুপার শপ মীনা বাজারকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় সুপার শপটির আউটলেটকে এই জরিমানা করা হয়। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এই আদালত পরিচালনা করেন। এ বিষয়ে নাহিদ বলেন, ‘তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন মোতাবেক তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন প্রচার-প্রচারণা নিষিদ্ধ। তারপরও চেইন শপ মীনা বাজার ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বেনসন অ্যান্ড হেজেস সিগারেটের বিজ্ঞাপন প্রচার করছিল।’ তিনি আরও বলেন, একই অপরাধ আবার করলে মামলা করা হবে বলে মীনা বাজারকে সতর্ক করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহায়তায় ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৫-এর স্বাস্থ্য পরিদর্শক আবদুল খালেক মজুমদার ও ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধিরা।