গাজীপুরে ৪.১ মাত্রার ভূমিকম্প

মাঝারি হলেই বড় ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের

ঢাকা, গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহের অনেক জায়গায় গতকাল মঙ্গলবার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। গাজীপুরে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তির ঘটনা উদ্বেগজনক। মাঝারি ধরনের ভূমিকম্পেই রাজধানীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, মঙ্গলবারের কম্পনটি খুব অল্প সময়ের জন্য অনুভূত হয়। হালকা মাত্রার এই ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা দেশ রূপান্তরকে বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিট ২ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১। আগারগাঁও আবহাওয়া কেন্দ্র থেকে মাত্র ৩৭ কিলোমিটার দূরে গাজীপুর সদরের কাছে এর উৎপত্তিস্থল।’

কেন্দ্রের অন্য এক আবহাওয়াবিদ বলেন, ‘লাইট (মৃদু) ভূমিকম্প হলেও এটি উদ্বেগজনক। কারণ এর উৎপত্তিস্থল ছিল রাজধানীর একেবারে কাছেই। মাঝারি ধরনের ভূমিকম্প হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত।’ ঢাকার নয়াপল্টনের গৃহবধূ আফনাসা নূর বলেন, ‘এদিন হঠাৎ বাসার সিলিং ফ্যানগুলো কেঁপে ওঠে। কিছু সময় পর স্বাভাবিক হয়।’