ব্যালটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য সংসদে বিল উত্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১৯৭২ সালের আরপিও সংশোধনের জন্য বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগে গত বছরের ৩১ অক্টোবর সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশের মাধ্যমে এই সংশোধনী আনা হয়েছিল। ফলে নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ তৈরি হয় এবং ৩০০ আসনের মধ্যে ছয়টিতে ইভিএমে ভোট হয়। অধ্যাদেশটি আইনে পরিণত করতে বিলটি আনা হয়েছে।
আরপিও সংশোধন বিলে ইভিএমের অপব্যবহার করলে সর্বনি¤œ তিন বছর এবং সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এতদিন মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে প্রার্থীদের খেলাপি ঋণ পরিশোধ করতে হতো। তা ছাড়া বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র দাখিলের সুযোগ রাখার প্রস্তাব রাখা হয়েছে।