দেশের নিজস্ব আদালতগুলোতে ১০ বছর ধরে বিচারাধীন সব ফৌজদারি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। একই সঙ্গে এই সময়ে ফৌজদারি বিচারিক আদালতে কত সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে তার একটি তালিকাও চেয়েছে হাইকোর্টে। গতকাল মঙ্গলবার একযুগ আগে নরসিংদীর রায়পুরায় সংঘটিত একটি ডাকাতি মামলার আসামির জামিন শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ ছাড়া দীর্ঘদিনেও ওই মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় উষ্মা প্রকাশ করেছে হাইকোর্টের এই বেঞ্চ। এদিন শুনানি নিয়ে আদালত আসামি শরীফুল ওরফে শৈবালকে জামিন দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ, আসামিপক্ষে ছিলেন এ টি এম মিজানুর রহমান।
আদালতের আদেশে বলা হয়েছে, ১০ বছর ধরে বিচারাধীন মামলার তালিকা বিচারিক আদালত সংক্রান্ত হাইকোর্টের কমিটির কাছে ৩০ দিনের মধ্যে দাখিল করতে হবে। পাশাপাশি ছয় মাসের মধ্যে এসব মামলার বিচারকাজ শেষ করে এ-সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদনও কমিটির কাছে দাখিল করতে হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ মাহমুদ মোর্শেদ জানান, ২০০৭ সালের ফেব্রুয়ারিতে নরসিংদীর রায়পুরায় একটি ডাকাতির মামলায় আসামি করা হয় শরীফুলকে। সাড়ে তিন বছরের বেশি সময় কারাগারে থাকার পর হাইকোর্ট থেকে জামিন পান তিনি। পরে জামিনের অপব্যবহার করলে গত বছরের ১৩ মার্চ নরসিংদীর বিচারিক আদালত আবার তাকে কারাগারে পাঠায়। সম্প্রতি জামিন পেতে হাইকোর্টে আবেদন করেন শরীফুল। গতকাল শুনানি নিয়ে হাইকোর্টের এই বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেয়।