চৌদ্দগ্রামে সড়কের পাশে যুবকের ক্ষতবিক্ষত লাশ

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিচয়হীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। লুঙ্গি পরা অবস্থায় লাশটির ডান পায়ে এবং মাথায় গুরুতর আঘাত এবং মুখমণ্ডল রক্তমাখা দেখা যায়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শুভরঞ্জন চাকমা জানান, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের পাশে খালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় কেউ যুবককে হত্যা করে খালে ফেলে দিয়েছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।