উত্তরা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ টি-টোয়েন্টির টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এর আগে প্রথম ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল তারা।
টানা দুই জয়ে প্রতিযোগিতাটির শেষ চারের টিকিট নিশ্চিত করল ‘বি’ গ্রুপে থাকা শেখ জামাল। দুই ম্যাচে দুই জয়ে শেখ জামালের পয়েন্ট ৪। ২ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয়স্থানে উত্তরা স্পোর্টিং ক্লাব।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৪ রানে হারায় নুরুল হাসান সোহানের দল।
বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত হয়েছিল আট ওভারে। তাতে ৫ উইকেটে ৭২ রান তোলে শেখ জামাল। ফারদিন হোসেন ২৫, ইমতিয়াজ হোসেন ১২, নাসির হোসেন অপরাজিত ১১ রান করেন।
উত্তরা স্পোর্টিংয়ের সাজ্জাদ হোসেন তিনটি, আসাদুজ্জামান পায়েল একটি করে উইকেট নেন।
প্রথম ইনিংসের পর আবারও বৃষ্টি নামে। ডিএল মেথডে আবারো এক ওভার কার্টেল করা হয়। সাত ওভারে উত্তরা স্পোর্টিংয়ের টার্গেট দাঁড়ায় ৭ ওভারে ৬৪ রান। কিন্তু প্রথম বিভাগ থেকে ওঠে আসা দলটি করে ৫ উইকেটে ৫৯ রান। আনিসুল ইসলাম ১৩, মহিমিনুল ১২, শাকির ১২, তানজিদ হাসান ১১ রান করেন।
শেখ জামালের ইলিয়াস সানি দুটি, সালাউদ্দিন শাকিল, শহীদুল, জিয়াউর একটি করে উইকেট পান। ইলিয়াস সানি ম্যাচ সেরা হন।