সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান। তার বিপক্ষে মশাল প্রতীকে লড়ছেন শাহজাদপুর উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফি ও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোক্তার হোসেন।
এদিকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় শাহজাদপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলে শাহজাদপুর উপজেলা নির্বাচন নিয়ে ভোটের মাঠে তেমন উত্তাপ নেই।
তবে চেয়ারম্যান প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় পার করছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন নৌকা প্রতীকের আজাদ রহমান। গণসংযোগের পাশাপাশি মাইকিং, লিফলেট ও পোস্টারে নিজের প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। জাসদ প্রার্থী শফিকুজ্জামান শফি দলের নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।
তবে জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেনকে এখনো প্রচার কাজে দেখা যায়নি। তার ভাই মানিক হোসেন জানান, জাতীয় পার্টির পক্ষে আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরা মাঠে কাজ করছেন। অচিরেই গণসংযোগে মাঠে নামবেন মোক্তার। ভোট নিয়ে উপজেলা বিএনপির ভোটার-সমর্থকরা নীরব রয়েছেন। তবে নির্বাচনে জয়-পরাজয়ে বিএনপির ভোট ব্যাংক বড় ভূমিকা রাখতে পারে।আওয়ামী লীগ প্রার্থী আজাদ রহমান বলেন, দলীয় সমর্থক ভোটাররা ভোট দিলে তার বিজয় সুনিশ্চিত। জাসদের শফিকুজ্জামান শফি দাবি করেন, শাহজাদপুরের মানুষ পরিবর্তন চায়। ভোটাররা নির্বিঘেœ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে তিনি ব্যাপক ভোটে নির্বাচিত হবেন।