হাতিয়ায় ভোট হচ্ছে না

কুষ্টিয়া সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান

কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতাউর রহমান আতা। অন্যদিকে নোয়াখালীর হাতিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি শীর্ষ পদে নির্বাচন হচ্ছে না। ১৭ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে মাত্র একজন করে প্রার্থী থাকায় ওই তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হতে যাচ্ছেন। আর সেই আনুষ্ঠানিক ঘোষণা হাতিয়ায় আসতে পারে আজ বৃহস্পতিবার।হাতিয়ায় গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে তিনজন নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন। তারা হলেন চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে কে এম ওবায়দুল উল্লাহ বিপ্লব ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী।