চলছে ‘টাকার খেলা’ উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী দেলদার রহমান দিলু। গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় শহরের মিঠাপুকুরের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আজ বৃহস্পতিবার জেলা পরিষদ চেয়ারম্যান পদে ভোট। এ জেলায় ভোট কেনাবেচা নিয়ে গতকাল দেশ রূপান্তরে ‘চলছে টাকার খেলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।সংবাদ সম্মেলনে প্রার্থী দেলদার রহমান বলেন, টাকার বিনিময়ে ভোটারদের কেনা হচ্ছে। ভোটাররা আমাকে জানিয়েছেন ২০ থেকে ৫০ হাজার টাকায় একেকটি ভোট কেনা হচ্ছে। এমন পরিস্থিতিতে ভোটে থাকার কোনো অর্থ হয় না। আচরণবিধি লংঘন হচ্ছে। সর্বত্র চলছে টাকার খেলা।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তিনি সৎ, দক্ষ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য জনপ্রতিনিধি ভোটারদের প্রতি আহ্বান জানান।নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে আনোয়ার সাদাত সম্রাট, ঘোড়া প্রতীকে জাসদের অধ্যাপক এমরান আল আমিন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক চশমা প্রতীকে আপেল মাহমুদ ও প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর স্ত্রী জহুরা প্রধান টেবিলফ্যান প্রতীক নিয়ে নির্বাচন করছেন।