জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। অল্প বয়সি থেকে শুরু করে বয়স্কদের কাছেও সমান জনপ্রিয় হয়ে ওঠেছে এই প্ল্যাটফর্ম। বর্তমান সময়ে ভারচুয়াল এই জগতেই বেশি সময় কাটানো হয়।
ফেইসবুক আমাদের তথ্য সংরক্ষণ করছে তা জেনেও প্ল্যাটফর্মটি থেকে অনেকেই বিদায় নিতে পারেন না।
সবার সঙ্গে যোগাযোগ রাখতে সোশ্যাল মিডিয়া সাইটটির কাছে ধরনা দিতেই হয়। তবে যারা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে চিন্তিত তাদের জন্য সুখবর দিয়েছেন ফেইসবুকের চিফ ফাইন্যানশিয়াল অফিসার (সিএফও)।
তিনি নিশ্চিত করেছেন গোপনীয়তা নিয়ন্ত্রণের জন্য এ বছরের শেষ দিকে নতুন কয়েকটি ফিচার আনছে ফেইসবুক।
এর মধ্যে একটি ফিচারের নাম হবে ‘ক্লিয়ার হিস্ট্রি’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের অ্যাকাউন্ট থেকে কোনো কোনো ওয়েবসাইটে প্রবেশ করে তার হিস্ট্রি ক্লিয়ার করতে পারবেন।
ফিচারটি সম্পর্কে গত মে মাসে ধারণা দেন মার্ক জাকারবার্গ।
এক ফেইসবুক পোস্টে তিনি লেখেন, আপডেটটি পাওয়ার পর ফেইসবুক থেকে ভিজিট করা ওয়েবসাইট বা অ্যাপগুলোর তালিকা দেখতে পারবেন ব্যবহারকারীরা। চাইলে তালিকায় থাকা ওয়েবসাইট বা অ্যাপগুলোর নাম মুছেও ফেলতে পারবেন।
এতে করে আপনার অ্যাকাউন্টে তথ্যগুলো জমা থাকবে না।
তবে ‘ক্লিয়ার হিস্ট্রি’ ফিচার ব্যবহারের ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে। কারণ প্রতিটি সাইটে তখন নতুন করে সাইন ইন করতে হবে। এই সমস্যাটুকু মানিয়ে নিতে পারলে ‘ক্লিয়ার হিস্ট্রি’ ফিচারটি ব্যবহার করা যেতে পারে।
‘ক্লিয়ার হিস্ট্রি’ ফিচারটি কবে নাগাদ ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি ফেইসবুক।
সূত্র: টেকশহর