তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘টেক মাহিন্দ্রা’ বাংলাদেশে বিনিয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
সংবাদ সংস্থা বাসসের তথ্য অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) টেক মাহিন্দ্রার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সিপি গুরনানির সঙ্গে বৈঠক করেন। এ সময় গুরনানিকে দেশের প্রযুক্তি খাতের বিনিয়োগের অনুরোধ জানান তিনি। এক তথ্যবিবরণীতে এ তথ্য গতকাল বুধবার জানানো হয়।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গৃহীত বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে আইসিটি খাতে বিনিয়োগকারীদের জন্য হাইটেক পার্ক স্থাপন, আইটি সরঞ্জামাদি আমদানি-রপ্তানির ওপর শুল্ক হ্রাস ও প্রত্যাহারসহ গৃহীত বিভিন্ন বিষয়ে গুরনানিকে অবহিত করেন প্রতিমন্ত্রী।