মারা গেছেন স্বাধীন বাংলাদেশ দলের প্রথম ক্রিকেট কোচ

বাংলাদেশের ক্রিকেট গড়ার কারিগর বলা হয় তাকে। স্বাধীন বাংলাদেশ ক্রিকেটের প্রথম কোচও তিনি। ১৯৯০ সালের এশিয়া কাপে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা আলতাফ হোসেন গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।

হানিফ মোহাম্মদের অধিনায়কত্বে ১৯৬৫ সালে পাকিস্তান টেস্ট দলে ডাক পেয়েছিলেন আলতাফ হোসেন। যদিও তিনি খেলার সুযোগ পাননি। তবে প্রতিভা বিচারে তৎকালীন পূর্ব পাকিস্তানের সেরা ক্রিকেটার ছিলেন। ঘরোয়া ক্রিকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স, পিডব্লিউডি, ইস্ট পাকিস্তান জিমখানা এবং শান্তিনগরের হয়ে খেলেছেন। খেলা ছাড়ার পর আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট আলতাফ হোসেনকে মনে রাখবে ক্রিকেটারদের গুরু হিসেবে। মেয়েদের ক্রিকেট উন্নয়নের ক্ষেত্রেও অবদান রেখেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটে সার্বিক অবদানের জন্য ১৯৯৯ সালে তাকে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। তিনি বলেছেন, ‘১৯৭১ সালের পর যিনি বাংলাদেশ ক্রিকেটকে সংগঠিত করেছিলেন সেই নির্মাতাকে হারালাম। আলতাফ হোসেন ছিলেন দেশের ক্রিকেটের প্রতি নিঃস্বার্থভাবে নিবেদিতপ্রাণ এবং অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ।’