কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা ছুড়ে আটজনকে হত্যার মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী কায়সার কামাল। তিনি জানান, গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লার বিচারিক আদালতে এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর হয়।
বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় ‘আইকন পরিবহনের’ নৈশকোচে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে মারা যান আট যাত্রী ও আহত হন অন্তত ২৭ জন। এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ৭৭ জনের বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ। তদন্ত শেষে বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দুর্নীতির দুটি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে গত বছর ফেব্রুয়ারি থেকে রাখা হয়েছে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে।