জলাবদ্ধতার কারণে সড়কের ক্ষতি এড়াতে ভবিষ্যতে সব ধরনের চার লেন সড়ক প্রকল্পের পাশে নালা ও জলাধার রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন বলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানিয়েছেন।
একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘নতুন করে কতটি সড়ক নির্মাণ করা হবে তার বিস্তারিত নকশা করতে সড়ক ও জনপদ বিভাগকে নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাস্তার পাশে আপনারা যখন কাজ করবেন, তখন ড্রেন ও জলাধার যেন থাকে। খালগুলো ধ্বংস করবেন না, খালগুলো যেন থাকে। একই সঙ্গে সড়কের একটা নির্দিষ্ট দূরত্বে জায়গা রাখতে হবে, যেখানে টয়লেট, প্রসাধন, চা খাওয়া, বিশ্রাম নেওয়া-এগুলো করা যায়।’
পরিকল্পনামন্ত্রী জানান, মোংলা বন্দরকে সার্বক্ষণিক ড্রেজিংয়ের আওতায় রাখা, সুন্দরবনের জলাশয়সহ পরিবেশ রক্ষা করা ও দেশের সব সড়কের বিষয়ে নকশা প্রণয়নসহ বেশকিছু অনুশাসন তুলে ধরেন প্রধানমন্ত্রী। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) বা এ ধরনের প্রকল্প বাস্তবায়নের সময় জনবসতিপূর্ণ এলাকা বাছাই না করার নির্দেশ দেন তিনি।
বিদ্যুতের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ তুলে ধরে এমএ মান্নান বলেন, যে এলাকায় বিদ্যুৎ উৎপাদন হয়, তারা যেন একটু অগ্রাধিকার পায়। বাংলাদেশের ওষুধের সুনাম বিশ্বজুড়ে। তাই ওষুধের মান রক্ষার নির্দেশও দেন তিনি।