১ মার্চ থেকে কর্মস্থলে যোগ দিচ্ছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলী। তিনি হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন। শ্রিংলাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রিভা গাঙ্গুলীর বাংলাদেশে দায়িত্ব পালন এটাই প্রথম নয়। এর আগে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) প্রধান হিসেবে ঢাকায় ভারতীয় হাইকমিশনে কাজ করে গেছেন। বাংলাদেশ থেকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের পরিচালকের দায়িত্ব নিয়ে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। আইসিসিআরে যোগ দেওয়ার আগে নিউ ইয়র্কে ভারতীয় দূতাবাসেও কাজ করেন রিভা। এছাড়া ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন রুমানিয়ায়। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনার পাঠ চুকিয়ে সেখানেই শিক্ষকতা শুরু করেছিলেন এ বাঙালি নারী। এরপর ১৯৮৬ সালে ফরেন সার্ভিসে যোগ দিয়ে কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন।