কাশ্মীরে গোলাগুলি চলছেই

কাশ্মীর ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলি চলছে। ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পরেই দুই দেশ আবারও গোলাগুলি শুরু করে বলে জানিয়েছে এনডিটিভিসহ একাধিক মিডিয়া। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত সব স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে উভয় দেশ। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় গোলাগুলিতে বেসামরিক ও সৈন্যসহ দুই পক্ষের অন্তত সাতজন নিহত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টারের গোলাতে কাশ্মীরের পুঞ্চ শহরে রুবানা কসার (২৪) নামে এক মা ও তার দুই শিশুসন্তান নিহত হয়েছে। নিহত দুই শিশুর বয়স যথাক্রমে পাঁচ বছর ও নয় মাস। অন্যদিকে পাকিস্তানের ডনের প্রতিবেদনে পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআরের উদ্ধৃতি দিয়ে বলা

হয়, শনিবার (২ মার্চ) নাকিয়াল সেক্টরে ভারতীয় বাহিনীর গোলার আঘাতে দুই সৈন্য নিহত হয়। এ সময় পাকিস্তানের ছোড়া গোলাতে ভারতীয়দের সীমান্ত চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি বাহিনী।

এক বিবৃতিতে এর আগে পাকিস্তানের আইএসপিআর দাবি করে, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বিপরীত পাশ থেকে ভারতীয় বাহিনীর ছোড়া গোলায় পাকিস্তানের দুই বেসামরিক নিহত হয়। এ ছাড়া এক নারী ও ১৯ বছরের এক তরুণসহ তিনজন আহত হয়েছে।

পুলওয়ামার সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। হামলার ১২ দিনের মাথায় ভারতীয় বাহিনী পাকিস্তানের মাটিতে বিমান হামলা চালালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এর ধারাবাহিকতায় আট দিন ধরে কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। মানকোট ও সালত্রী ছাড়াও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কৃষ্ণঘাঁটি ও বালাকোটের বেশ কয়েকটি সেক্টরে হামলা চালায়।

এদিকে পুলওয়ামার ঘটনার জন্য দায়ী সংগঠন জইশ-ই-মোহাম্মদের সঙ্গে পাকিস্তানের নিয়মিত যোগাযোগ আছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরায়েশি। আন্তর্জাতিক মিডিয়া সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের শারীরিক অবস্থা ভালো না। তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে বলেও তিনি জানান। পুলওয়ামার সন্ত্রাসী হামলার দায়িত্ব জইশ-ই-মোহাম্মদ স্বীকার করলেও গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই হামলার পেছনে জইশ-ই-মোহাম্মদের সংশ্লিষ্টতা ছিল না।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য মতে, সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মাসুদ আজহার। আফ্রিকার বেশ কয়েকটি দেশে আল-কায়েদার মতাদর্শ ছড়ানো ছাড়াও যুক্তরাজ্যের মসজিদগুলোতে জিহাদি তত্ত্ব মাসুদ আজহারের হাত ধরেই ছড়ায়।

দুই দেশের কূটনৈতিক উত্তেজনার মাঝেই গত মঙ্গলবার আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের আস্তানা ও প্রশিক্ষণ শিবিরে হামলা চালায় ভারতীয় জঙ্গিবিমান। ওই হামলার জবাবে গত বুধবার পাকিস্তানের বিমানবাহিনীও ভারতে হামলা চালায়। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় ভারতের দুটি এবং পাকিস্তানের একটি বিমান বিধ্বস্ত হয়। ভারতের বিধ্বস্ত মিগ-২১ বিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তানি বাহিনী। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার জন্য ভারতীয় পাইলটকে গত শুক্রবার ভারতের কাছে ফিরিয়ে দেয়। বিশ্লেষকরা পাইলট ফিরিয়ে দেওয়ার ঘটনায় মনে করেছিলেন দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমিত হবে। কিন্তু কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় দুই পক্ষের লড়াই বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই।