শিল্প বাণিজ্য ও বিদ্যুৎ খাতে গ্যাসের দাম বাড়বে : বিপু

শিল্প, বাণিজ্য ও বিদ্যুৎ খাতে গ্যাসের দাম বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল শনিবার নৌভ্রমণে ‘মিট দ্য এনার্জি রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ কথা জানিয়ে তিনি বলেন, এলএনজি আমদানির কারণে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। তবে বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়বে কি-না, সে বিষয়ে কিছু বলেননি তিনি। প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের মূল্য সমন্বয় করে আমরা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে একটি প্রস্তাব জমা দিয়েছি। প্রস্তাবের কতটুকু রাখা হবে, তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের ওপর। সংশ্লিষ্টরা জানান, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পাওয়ার পর গণশুনানির আয়োজন করছে এনার্জি রেগুলেটরি কমিশন। আগামী ১১ মার্চ থেকে চার দিনব্যাপী গণশুনানি হওয়ার কথা রয়েছে। তার আগেই প্রতিমন্ত্রী এসব তথ্য জানালেন।

গ্যাসের দাম বাড়ানো হলেও বিদ্যুতের দামে তেমন প্রভাব পড়বে না দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু আমরা কিছু ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রে পেট্রোলিয়াম ব্যবহার বন্ধ করে দিচ্ছি এবং আরও অনেক বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের ব্যবহার বাড়াচ্ছি, এতে বিদ্যুতের দামের ওপর সর্বনিম্ন প্রভাব পড়বে।’

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরবর্তী চ্যালেঞ্জ হলো নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানো। এ ব্যাপারে বিশেষজ্ঞরা কাজ করছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মোটরযানে এলএনজি ব্যবহার কমানো ও বিদ্যুৎচালিত যানবাহন চালুর ধারণার সঙ্গে মন্ত্রণালয় সম্পূর্ণ একমত। এলএনজি ও কয়লা আমদানি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বড় চাপ সৃষ্টি করবে না দাবি করে নসরুল হামিদ বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ খাতে আমাদের প্রয়োজন ১১০-১২০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ। বাংলাদেশ এনার্জি রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অরুণ কর্মকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক সদরুল হাসান।