কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতি নদী থেকে এক অজ্ঞাত তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার উপজেলার কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন গোমতি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায় স্থানীয়রা গোমতি নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মুরাদনগর থানার এসআই নুর নবীর নেতৃত্বে একদল পুলিশ কবরস্থান এলাকা থেকে লাশটি উদ্ধার করে। তার বয়স ১৮ থেকে ২০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনজুর আলম বলেন, ‘হত্যা করে লাশটি নদীতে ফেলা হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কাটা চিহ্ন পাওয়া গেছে।’
ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।