সড়কের পাশ থেকে মাটি কেটে সড়ক সংস্কার

লক্ষ্মীপুরে ২০ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে নিম্নমানের সামগ্রী দিয়ে যেনতেনভাবে সড়কের উন্নয়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। একই সঙ্গে সড়কের পাশের সরকারি খাল থেকে মাটি কেটে রাস্তার দুই পাশে ফুটপাত নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

অনিয়ম আর গলদে ভরা ‘মান্দারী থেকে দাসেরহাট’ সড়কটি আগামী বর্ষা মৌসুমে বিধ্বস্ত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

সরেজমিনে সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সদর উপজেলার মান্দারী থেকে দাসেরহাট পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। ভেকু মেশিন দিয়ে সরকারি খাল থেকে মাটি কেটে সড়কের ফুটপাত ভরাট করা হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থানীয় এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করার লক্ষ্যে সড়কটির উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার। অথচ যথাযথ মান রক্ষা না করে সড়কটির উন্নয়নকাজ চলমান রেখেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। যার ফলে বর্ষা মৌসুমেই সড়কটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

স্কুল শিক্ষক আবু সালেহ হীরন জানান, বৃষ্টির পানিতে ফুটপাতের এসব মাটি ধসে পড়ার আশঙ্কা খুবই বেশি। কারণ খাল ও রাস্তার মাঝে কোনো সুরক্ষা দেয়াল নেই। বৃষ্টিতে মাটিগুলো ধসে পড়ে আগের চেহারায় ফিরে আসবে সড়কটি।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের অধীনে মান্দারী-দাসেরহাট সড়কের ৯ কিলোমিটার উন্নয়নকাজ চলমান রয়েছে। এতে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

নিয়মানুযায়ী সড়কটির দুই পাশে ৩ ফুট করে ৬ ফুট প্রশস্ত করে ১২ থেকে ১৮ ফুটে উন্নীত করা হচ্ছে। দুই পাশে আরও ৬ ফুট মাটির ফুটপাত নির্মাণ করার কথা রয়েছে।

২০১৮ সালের জুন মাসে দরপত্রের মাধ্যমে এ কাজটি পায় জয়েন্ট বেঞ্চার জেড এস এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, মো. মহিউদ্দিন বাঁশি এবং ওরিয়ন ট্রেডিং এন্ড বিল্ডার্স। এই প্রকল্পের কাজ ২০২০ সালের ৩০ জুন-এর মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে।

সড়ক উন্নয়ন কাজে অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের বক্তব্য পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত বলেন, মান্দারী থেকে দাসেরহাট পর্যন্ত ৯ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ পেয়েছি। শিগগিরই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।