ব্রাদার্সকে অষ্টম হারের স্বাদ দিল মুক্তিযোদ্ধা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে বড় জয় তুলে নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। নিজেদের হোম ভেন্যুতে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে দলটি।

মঙ্গলবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ব্রাদার্সকে ৩-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা। দলটির জাপানি মিডফিল্ডার ইউসুকে কেটো জোড়া গোল করেন। অন্য গোলটি করে মাহাদী হাসান রয়েল।

লিগে ৯ ম্যাচের ৮টিতেই হারল ব্রাদার্স। আর সমান ম্যাচ খেলা মুক্তিযোদ্ধা পেল চতুর্থ জয়।

খেলার প্রথমার্ধের ৪০ মিনিট পর্যন্ত ব্রাদার্স ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাথে সমান তালে লড়লেও পরবর্তীতে খেলা থেকে ছিটকে যায়। খেলার প্রথম মিনিটেই মুক্তিযোদ্ধার মোহাম্মদ সোহেল গোল করার সহজ সুযোগ নষ্ট করেন।

৩৬ মিনিটে ব্রাদার্সের মিডফিল্ডার মিনহাজুল আবেদীনের ফ্রি কিক থেকে জাপানি তারকা লিমা লিওনার্দো সহজ সুযোগ মিস করেন। ৩৮ মিনিটে প্রতিপক্ষের ফাউল থেকে মুক্তিযোদ্ধার ইউসুকে কেটোর ফ্রি কিক থেকে মাহাদী হাসান রয়েলের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এর ২ মিনিট পরই ফের ফ্রি-কিক পায় মুক্তিযোদ্ধা। ইউসুকের দৃষ্টিনন্দন ফ্রি-কিক ব্রাদার্সের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

৪৫ মিনিটে মুক্তিযোদ্ধার ডি-বক্সের মধ্যে বল পেয়েও ব্রাদার্সের পানামার খেলোয়াড় মেঝা এগুলার গোল করতে ব্যর্থ হন।

৬১ মিনিটে মুক্তিযোদ্ধার ইউসুকে কেটো ব্রাদার্সের ভুল পাস থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় ব্রাদার্সের গোলরক্ষককে বোকা বানিয়ে নিজেদের দ্বিতীয় গোল করেন।

৭৮ ও ৮০ মিনিটে ডি-বক্সের মধ্যে বল পেয়েও হ্যাটট্রিক আদায় করতে ব্যর্থ হন ইউসুকে কেটো। তবে খেলার শেষ মিনিটে তার পাস থেকে সতীর্থ মাহাদী হাসান রয়েল গোল করে দলের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন।