শেখ রাসেলকে হারিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বসুন্ধরা কিংস। গতকাল তারা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াসের একমাত্র গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে আবাহনী লিমিটেডকে টপকে গেছে। নয় ম্যাচে আট জয় এবং এক ড্রয়ে কিংসের সংগ্রহ ২৫ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট কম নিয়ে আবাহনী দ্বিতীয় স্থানে। আর রাসেল তিনে থাকছে নয় ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে।

হোম ভেন্যু নীলফামারীর শহীদ শেখ কামাল স্টেডিয়ামে পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বসুন্ধরা কিংস। শিরোপা লড়াইয়ে থাকা দুটি দলের ম্যাচ দেখতে ভরে উঠেছিল স্টেডিয়ামের গ্যালারি। আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিক দর্শকদের আনন্দ দিয়েছে ব্রুজনের শিষ্যরা। যদিও প্রথমার্ধ থাকে গোলশূন্য। কিংস প্রাধান্য বিস্তার করে খেললেও রাসেলের শক্ত রক্ষণে ফাটল ধরাতে পারেনি। স্বাগতিকদের আক্রমণত্রয়ী ভিনিসিয়াস, কোস্টারিকান ডেনিয়েল কলিনদ্রেস এবং মতিন মিয়া ত্রাস হয়েছিলেন রাসেলের রক্ষণে। তবে রাসেল কোচ সাইফুল বারী টিটু রক্ষণাত্মক পরিকল্পনা এঁটে প্রথমার্ধ গোলশূন্য রেখে সফল হন। তার সেই প্রতিরোধ অবশ্য দ্বিতীয়ার্ধে টেকেনি। ৫৭ মিনিটে ভিনিসিয়াসের সেই গোলকে চলতি লিগে এখন পর্যন্ত সেরার তকমাটা দিয়ে দেওয়াই যায়। সতীর্থের লম্বা বল আয়ত্তে নিয়ে লেফটব্যাক মোহাম্মদ ইব্রাহিম বামপ্রান্ত থেকে পাস বাড়ান ভিনিসিয়াসকে। সেটি ডান পায়ে রিসিভ করে দুরূহ কোণ থেকে বাম পায়ে যে ব্যাকভলিটি করেন ভিনিসিয়াস তার রুখে দেওয়ার সাধ্য ছিল না রাসেলের কিপার আশরাফুল ইসলাম রানার। গোল পরিশোধে মরিয়া শেষ বাঁশি বাজার আগমুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে অতিথিরা। কিন্তু ফরোয়ার্ডদের ভুলে গোল পরিশোধ করা হয়নি। ফলে নিজেদের মাঠে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে মাঠ ছাড়ে কিংস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জ এবং আরামবাগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। চতুর্থ মিনিটে সফল স্পটকিকে আরামবাগকে এগিয়ে নেন জাহিদ হোসেন। তবে ৩৬ মিনিটে রহমতগঞ্জকে সমতায় ফেরান কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও। ১০ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আরামবাগ। আর নয় ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ৮, রয়েছে নবম স্থানে।

গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। মুক্তিযোদ্ধার হয়ে জোড়া গোল করেন জাপানিজ মিডফিল্ডার ইউসুকে কাতো এবং অন্য গোলটি করেন ফরোয়ার্ড মাহাদী হাসান।

ম্যাচের ৪০ মিনিটে ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল করে মুক্তিযোদ্ধাকে লিড এনে দেন কাতো। ৬১ মিনিটে ভুল পাস থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই জাপানিজ। ম্যাচের ৭৮ ও ৮০ মিনিটে হ্যাটট্রিক পূরণের সুযোগ নষ্ট করেন কাতো। তবে তার বাড়িয়ে দেওয়া বলেই ম্যাচের শেষ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন মাহাদী। এই জয়ে নয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা। আর সমান ম্যাচে আট হারে ৩ পয়েন্ট নিয়ে তলানিতেই থাকতে হচ্ছে ব্রাদার্সকে।

গতকালের তিনটি ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো লিগের দশম রাউন্ডের খেলা। এরপর প্রায় এক মাসের বিরতির পর এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হবে লিগ। জাতীয় দলগুলোকে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতেই লিগে টানা হয়েছে লম্বা বিরতি।