দেশের বর্তমান অবস্থা উত্তর কোরিয়ার মতো : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশ এখন “গণতন্ত্রহীন”। দেশের বর্তমান অবস্থা উত্তর কোরিয়ার মতো। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধি করলে জনগণ প্রতিহত করবে।’ একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছে। কিন্তু ষড়যন্ত্র করে বিএনপিকে ভাঙা যাবে না। বরং বিএনপি আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠবে।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে এখন গণতন্ত্র নেই, কথা বলার স্বাধীনতা নেই। এটা এখন তুলনা করা হয় বিদেশি পত্রিকায় বিদেশি সংবাদ মহলে যে, বাংলাদেশ এখন উত্তর কোরিয়ার মতো হয়ে গেছে। অর্থাৎ যেখানে মানুষের কোনো স্বাধীনতা নেই।’ তিনি বলেন, ‘এই চক্র আমাদের ভাঙতে হবে, এই ব্যূহ ভাঙতে হবে। ভেঙে আমাদের এই অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসতে হবে। আসুন এ দিবসে আমাদের নেতা (তারেক রহমান) ও আমাদের নেত্রীকে (খালেদা জিয়া) মুক্ত করার জন্য আমরা সেই শপথ নিয়ে সামনের দিকে এগিয়ে যাই।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ হাজার হাজার নেতা বিদেশে। আমাদের বন্ধুরা সব কারাগারে। তাই আজকে শুধুু দলের প্রয়োজনে নয়, জাতির প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, একদলীয় শাসন ব্যবস্থার চক্রান্ত ধ্বংস করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।’ তিনি বলেন, ‘দেশে এখন যে সংকট তা শুধু বিএনপির নয়, পুরো জাতির। আমাদের জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হতে হবে। লড়াই ও সংগ্রাম করতে হবে। বিএনপি আবার জেগে উঠবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা তারেক রহমানের এ দিবসকে কারামুক্তি দিবস বলছি কেন? তারেক রহমান কি মুক্ত হয়েছে? নাহ, তারেক রহমান মুক্ত হয়নি। আমরা গভীরভাবে উপলব্ধি করছি, একটি আদর্শকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই আলোকে তারেক রহমানকে নির্বাসিত করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে আবার বাকশাল কায়েমের জন্য দেশের সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে। সারা দেশে বিএনপির ২৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। নেতাকর্মীরা বাড়ি যেতে পারে না। বিএনপির শক্তি সাধারণ মানুষ। কয়েক দিন আগে আমার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের দেখা হয়েছে। আমি সেই দৃশ্য আপনাদের বলতে পারব না। সুস্থ খালেদা জিয়া এখন হুইল চেয়ারে। অত্যন্ত কষ্ট করছেন।’’