পুঁজিবাজারে থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া ওষুধ খাতের কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে। চলবে ১৯ মার্চ পর্যন্ত। ফিক্সড প্রাইস বা স্থিরমূল্য পদ্ধতিতে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৭ ফেব্রুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিলকো ফার্মাকে মূলধন উত্তোলনে অনুমতি দেয়। কোম্পানিটি অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ দিয়ে নতুন ভবন, যন্ত্রপাতি সংযোজন ও ডেলিভারি ভ্যান ক্রয় করবে।
কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পণ্য বিক্রি থেকে আয় হয় ৯০ কোটি ৬৫ লাখ টাকা। এ সময়ে মোট মুনাফা হয় ২৯ কোটি ৯ লাখ টাকা। করপরবর্তী নিট মুনাফা হয় ১০ কোটি ২৯ লাখ টাকা। এ সময় শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪১ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। সিলকো ফার্মার পুঁঞ্জীভূত মুনাফা রয়েছে ৯৯ কোটি ২০ লাখ টাকা।
১৯৯৫ সালে সিলেটে প্রতিষ্ঠিত সিলকো ফার্মাসিউটিক্যালসে ১১ জন পরিচালক রয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান ছাড়া অন্য সব পরিচালকদের সবাই পেশায় ডাক্তার। এ কোম্পানির পরিশোধিত মূলধন হচ্ছে ৬৪ কোটি ৩৭ লাখ টাকা, যা আইপিও পরবর্তীতে ৯৪ কোটি ৩৭ লাখ টাকায় উন্নীত হবে। আইপিও পরবর্তীতে উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ দাঁড়াবে ৩৯ দশমিক ৫৪ শতাংশে।
ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড সিলকো ফার্মার ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।