পরকীয়া ও দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় অনলাইনে আলোচিত হিরো আলম তার স্ত্রী সাদিয়া বেগম সুমিকে (২৮) মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সুমিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি শোনার পর হিরো আলমকেও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হিরো আলম তার শ্বশুর ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অভিযোগ করেছেন। স্ত্রীর পরিবারের পক্ষ থেকেও হিরো আলমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন হিরো আলমের স্ত্রী সুমি জানান, দুই মাস পর গত সোমবার রাতে হিরো আলম বগুড়া শহরতলির এরুলিয়া গ্রামে তার বাড়িতে আসেন। বাসায় ফেরার পর থেকে বিছানায় শুয়ে একটানা তিন ঘণ্টা মুঠোফোনে ঢাকার এক নারীর সঙ্গে কথা বলেন আলম। এর প্রতিবাদ করলে ওই রাতেই তাকে (স্ত্রী) বেদম মারপিট করেন আলম।
সুমির অভিযোগ, হিরো আলম ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন। এ কারণে বগুড়ায় থাকা স্ত্রী-সন্তানের কোনো খবর রাখেন না; সংসার খরচও দেন না। এর প্রতিবাদ করায় আগেও তাকে শারীরিক নির্যাতন করেছেন তার স্বামী।
হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর মেয়েকে আবারও নির্যাতন করার খবর পেয়ে তার শ্বশুরবাড়িতে যান তিনি। সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করে দেন। মারপিটে তার মেয়ের মাথার পেছনে রক্তাক্ত জখম হয়েছে।
এদিকে হাসপাতালে স্ত্রী ভর্তি হওয়ার খবর পেয়ে গত মঙ্গলবার রাতেই হিরো আলম বগুড়া সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছেন। থানায় লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, দাম্পত্য কলহের জেরে গত মঙ্গলবার রাত ৮টার দিকে স্ত্রী সাদিয়া বেগম সুমি ও শ্বশুর সাইফুল ইসলামসহ শ্বশুর পরিবারের পাঁচ সদস্য তার বাড়িতে গিয়ে তাকে কাঠের বাটাম দিয়ে মারপিট করেন। পরে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে স্ত্রী-শ্বশুরসহ পাঁচজনের নামে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন।
গতকাল বুধবার সকাল থেকে বক্তব্য জানতে যোগাযোগের জন্য অনেকবার চেষ্টা করেও হিরো আলমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে এরুলিয়া বাজারে তার কার্যালয়ে গিয়ে সেটি তালাবদ্ধ দেখা যায়। পার্শ্ববর্তী গ্রামে বাড়িতে গিয়েও হিরো আলমকে পাওয়া যায়নি।
আশরাফুল আলম ওরফে হিরো আলমের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানকারী বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, গত মঙ্গলবার রাতে হিরো আলম থানায় হাজির হয়ে তার শরীরে মারপিটের চিহ্ন দেখান। মারপিট করা হয়েছে উল্লেখ করে হিরো আলম একটি লিখিত অভিযোগ দায়ের করলে গতকাল সকালে তিনি (এসআই) ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে পারেন, হিরো আলমও তার স্ত্রীকে মারপিট করেছেন। এ কারণে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।