খালেদার মানমর্যাদা ও সম্মান অবশ্যই ওপরে : আব্বাস

‘কাদেরের অসুস্থতার সঙ্গে খালেদার অসুস্থতার তুলনা করায় হতাশ আওয়ামী লীগ’Ñ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আওয়ামী লীগের নেতারা ঠিকই বলেছেন। ওবায়দুল কাদেরের সঙ্গে খালেদা জিয়ার তুলনা করা ঠিক নয়। কারণ খালেদা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। খালেদার মানমর্যাদা, সম্মান অবশ্যই ওপরে।’ গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘দেশে জনপ্রিয়তার দিক থেকে খালেদা জিয়ার ধারেকাছে নেই। বেগম জিয়া এই দেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিত্ব। এ পর্যন্ত যতগুলো আসনে নির্বাচন করেছেন জিতেছেন। এই দেশে এমন রেকর্ড কারও নেই।’

এদিকে গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘কাদেরের অসুস্থতার সঙ্গে খালেদার অসুস্থতার তুলনায় হতাশ আওয়ামী লীগ।’

গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার চাঁদপুরস্থ কদমতলা বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘ওবায়দুল কাদের কোনো কারারুদ্ধ মানুষ নন। অন্যদিকে খালেদা জিয়া অপরাধের দায়ে একজন দ-প্রাপ্ত ব্যক্তি।’