রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি স্ক্যানিং মেশিনে শনাক্ত না হওয়ার ঘটনায় ফজলার রহমান নামের বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বেবিচক।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) শাহ ইমদাদুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে নভো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম যেতে শাহজালালের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দুই ধাপে যাত্রীদের লাগেজ ও শরীর তল্লাশি করা হয়। প্রথম ধাপই চূড়ান্ত নয়। নিরাপত্তাব্যবস্থা ঠিক আছে বলেই ইলিয়াস কাঞ্চনের অস্ত্রটি শনাক্ত করা গেছে। কিন্তু অভিযোগ উঠেছে প্রথম ধাপে স্ক্যানিং মেশিনে তা শনাক্ত হয়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের বলেন, ‘প্রথম পর্যায়ে স্ক্যানিং মেশিনে হ্যান্ড লাগেজে থাকা ৯ এমএম পিস্তল ও ১০ রাউন্ড গুলি শনাক্ত করতে পারেনি। নভো এয়ারলাইন্সের বুকিং কাউন্টারে গিয়ে অস্ত্রের বিষয়ে অবহিত করি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে আমাকে জেরা করেন। পরে লিখিত দিয়ে অস্ত্র নিয়ে চট্টগ্রাম চলে যাই।’