নারী সুন্দর, সুন্দর তার মন। এই কান্তিমতী, স্নেহশীল নারীকে সংসারে আমরা পাই মাতা, কন্যা, ভগ্নি এবং জায়ারূপে। নারী একটি ঘর, একটি আশ্রয়। যেখানে মেলে অনাবিল প্রশান্তি। একটি মানবশিশুর জন্ম থেকে শুরু করে তার জীবনে প্রতিষ্ঠিত হওয়া এবং তার মানবিক গুণাবলির বিকাশ ও মানসিক গঠনে নারীর ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ তা উল্লেখ করা নি®প্রয়োজন। নারী সৌন্দর্যের প্রতীক। কমনীয়তার সমার্থক।
এহেন সুন্দর যে নারী তার প্রতিও দেখি অভব্য পুরুষের অত্যাচারের খড়গ। সে পুরুষ আর যাই হোক সংস্কৃতিবান নয়। হতে পারে এই কমনীয় নারীও কখনো অপরাধী হয়। কিন্তু তার পেছনে হয়তো রয়েছে কোনো বঞ্চনার গল্প। হতে পারে সে কঠিন বাস্তবতার শিকার অথবা বিরূপ সামাজিক পরিবেশে সে সুশিক্ষা পায়নি। কিন্তু তারও রয়েছে একটি স্নেহময়, সহনশীল কোমল হৃদয়। নারী হৃদয়ের এ কোমলতা স্বর্গীয়। দয়ার আধার এ নারীকে শুধুই ভালোবাসা যায়। তাকে কি ঘৃণা করা যায়? আসুন এ মমতাময়ী নারীকে আমরা ভালোবাসি, উপলব্ধি করি তার হৃদয়কে, শ্রদ্ধা করি তার নারীসত্তাকে। এবারের নারী দিবসে এই হোক আমাদের প্রতিজ্ঞা।
কনিষ্কা চৌধুরী, ফরিদপুর।