পদ্মা সেতুর চুরি হওয়া রড, অ্যাঙ্গেল ও তেল উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতু নির্মাণের চুরি হওয়া ২৫ টন রড, ৫শ লিটার তেল ও অ্যাঙ্গেল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় সন্দেহভাজন সাতজনকে আটক ও চুরির কাজে ব্যবহৃত দুটি স্পিডবোট জব্দ করা হয়েছে। পদ্মা সেতুর চুরি হওয়া রড ও তেল উদ্ধারে গত বুধবার দিনগত রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত লৌহজং উপজেলার সেতুর আশপাশ এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১১ মুন্সীগঞ্জের ভাগ্যকূল ক্যাম্পের কমান্ডার এসপি এনায়েদ হোসেন মান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই মাওয়া এলাকা থেকে পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত রড ও অ্যাঙ্গেল এবং নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন নৌযানের তেল চুরি হয়ে আসছে।

তিনি আরও জানান, সেতুর আশপাশ এলাকায় রাত একটা পর্যন্ত র‌্যাবের অভিযানে চুরি হওয়া রড, তেল ও অ্যাঙ্গেল উদ্ধার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি স্পিডবোট জব্দ ও সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়েছে। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।