দিনাজপুর জেলার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে হাজিরার নিয়ম চালু করেছে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়। ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে হাজিরা দিচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত বুধবার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক।
শিক্ষা কার্যক্রমের আধুনিকায়নের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে ডিজিটাল পরিচয়পত্রটি পাঞ্চ করা মাত্রই ডিজিটাল হাজিরা হয়ে যাচ্ছে। বিদ্যালয়ের পাঠ্য কার্যক্রম শুরুর ১০ মিনিটের মধ্যে কোনো শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ না করলে শিক্ষার্থীর অনুপস্থিতির এই তথ্যটি অভিভাবকের মোবাইল নম্বরে বার্তা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। দিনাজপুরে কোনো বিদ্যালয়ে আইডি কার্ড ব্যবহার করে স্বয়ংক্রিয় হাজিরার এমন প্রযুক্তি এটিই প্রথম।
বিদ্যালয়ের সভাপতি ফরিদুল ইসলাম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পথপরিক্রমার অংশ হিসেবে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে ডিজিটাল হাজিরার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে। শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রম তাদের বিদ্যালয়মুখী করতে অনুপ্রাণিত করবে।