গোপালগঞ্জ সদরে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার একজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত থেকে ওই তরুণী গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ওই তরুণী জানান, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ডাক্তার দেখিয়ে উপজেলার বড়ফা গ্রামের বাড়িতে ফেরার জন্য তিনি একটি মাহেন্দ্র গাড়িতে (থ্রি হুইলার) ওঠেন। চন্দ্রদীঘলিয়া স্ট্যান্ডে নামিয়ে দেওয়ার কথা থাকলেও দুই তরুণ ও চালক তাকে মেরী গোপিনাথপুর এলাকায় নিয়ে যায়। পরে সেখানে একটি ধানক্ষেতের মোটরঘরে নিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করার পর তারা পালিয়ে যায়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, ‘মেয়েটিকে আমরা চিকিৎসাসেবা দিচ্ছি। তবে ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না।’
গোপিনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক হযরত আলী বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।’