রাঙ্গামাটিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

পার্বত্যাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছি

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রামে ইউএসএআইডির (ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে কাজ করছি। বিশেষ করে এই অঞ্চলের পিছিয়ে পড়া ও নিম্নবিত্তদের আরও এগিয়ে নিতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে। এই অঞ্চলে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, নিরাপদ পানি সরবরাহসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা করে আসছি।’ গতকাল বৃহস্পতিবার রাঙ্গামাটিতে ইউএনডিপির বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে স্থানীয় এক রেস্তোরাঁয় সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত জানান, পার্বত্য চট্টগ্রামে এটাই তার প্রথম ভ্রমণ। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো বলেও উল্লেখ করেন তিনি। এর আগে মিলার বরকল উপজেলার বেগেনাছড়ি এলাকায় ইউএসএআইডির পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প, বার্মি কম্পোস্ট, কম্পোস্ট সার উৎপাদনসহ অন্যান্য প্রকল্প পরিদর্শন করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

রবার্ট মিলারের সফরসঙ্গী হিসেবে ছিলেন ইউএসএআইডির মিশন পরিচালক ডেরিক ব্রাউন, রাষ্ট্রদূতের স্ত্রী মিশেল অ্যাডেল মিল। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাসসহ ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।