স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী কোন কোন বেসরকারি হাসপাতাল দরিদ্র ও দুস্থদের মধ্যে ১০ শতাংশকে বিনামূল্যে শয্যা ও চিকিৎসাসেবা দিচ্ছে না এবং কারা দিচ্ছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এই বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আগামী ৮ মে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।
এক রিট আবেদনে গতকাল বৃহস্পতিবার শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে রিটকারী আইনজীবী মো. আবু তৌহিদ ভূঁইয়া প্রিন্স নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এ বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করা হয়। এর আগে গত ৩০ জানুয়ারি সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠান আইনজীবী আবু তৌহিদ ভূঁইয়া প্রিন্স।