বিশ্বের বিভিন্ন ব্যবসায়িক খাতে চলতি প্রবণতাকে প্রভাবিত করার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এশিয়া মহাদেশ। সম্প্রতি, হার্ভার্ড বিজনেস স্কুলে আয়োজিত ‘এশিয়া ব্যবসায়িক সম্মেলন ২০১৯’- এ নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘দা গেম চেঞ্জারস: কনজ্যুমারস, পেপারস, ইনোভেটরস’।
এশিয়ার প্রযুক্তি উদ্ভাবকরা এ সম্মেলনের প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন। সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির। নতুন প্রযুক্তি ও নতুন নতুন উদ্ভাবনের ঘটনা ইতিবাচকভাবে মানুষের জীবনে কীভাবে পরিবর্তন নিয়ে আসছে এ নিয়ে সম্মেলনে তিনি বক্তব্য উপস্থাপন করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইনটুডো ভেঞ্চারসের ম্যানেজিং পার্টনার এডি চ্যান এবং এয়ারবিএনবির (এশিয়া) সাবেক হেড অব অপারেশনস অ্যান্ড স্ট্র্যাটেজি রবার্ট হাও।
উল্লেখ্য, বাংলাদেশে গত এক বছর ধরে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সহজ। ফুড ডেলিভারি সেবায়ও নিজেদের ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত করেছে প্রতিষ্ঠানটি। এই স্টার্টআপটিতে বিনিয়োগ করেছে বিশ্বের স্বীকৃত বেশ কয়েকটি আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বর্তমানে সহজ-এর প্ল্যাটফর্মে রয়েছে ১০ লাখের বেশি ব্যবহারকারী।