মানববন্ধনে মির্জা ফখরুল

নারীর মুক্তি খালেদা জিয়ার মুক্তির সঙ্গে জড়িত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির সঙ্গে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি জড়িত। নারী সমাজের মুক্তিও খালেদা জিয়ার মুক্তির সঙ্গে জড়িত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী নির্যাতন, খুন ও গণধর্ষণের প্রতিবাদে মহিলা দল আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আজকে নারী দিবস এমন এক সময়ে আমাদের মাঝে এসেছে যখন বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যের কথা, আজকে একজন নারী যিনি বাংলাদেশের নারী জাগরণের জন্য আন্দোলন করেছিলেন, নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করেছেন, মেয়েদের লেখাপড়ার জন্য সবচেয়ে বড় অবদান রেখেছেন, তাকে মিথ্যা মামলা দিয়ে সরকার অন্ধকার কারাগারে রেখেছে।’

নারী দিবসে নারী সমাজকে অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব নারী সমাজ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আজকে খালেদা জিয়ার মুক্তির জন্য শপথ নিতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতাসীন অবৈধ দখলদার সরকার সম্পূর্ণ বেআইনিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, জনগণের অধিকারকে বঞ্চিত করে ক্ষমতা দখল করেছে। এই সরকার আজকে সমস্ত জাতির ওপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। তারা আজকে আমাদের মা-বোনদের রেহাই দিচ্ছে না। তাদের নির্যাতন করে কারাগারে পাঠাচ্ছে। এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

 

সুলতান মনসুর জাতির সঙ্গে প্রতারণা করেছেন : দল ও জোটের সিদ্ধান্ত অমান্য করে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের একাদশ সংসদে যোগদান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সুলতান মনসুর প্রতারক হিসেবে জাতির সামনে চিহ্নিত হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, ‘সুলতান মনসুর শপথ নিয়ে নিজেই নিজেকে ছোট করেছেন। তিনি ঐক্যফ্রন্টের তেমন কোনো গুরুত্বপূর্ণ নেতা ছিলেন না। তার শপথ নেওয়ায় ফ্রন্টের কোনো ক্ষতি হবে না। বিএনপি আগের সিদ্ধান্তে অটল রয়েছে। সংসদে যোগ দেবেন না বিএনপিদলীয় সংসদ সদস্যরা।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান এবং সহসভাপতি জেবা খান প্রমুখ।