তিন উপজেলার ভোট স্থগিত পাটগ্রামের ওসি প্রত্যাহার

পরিবেশ না থাকার কারণে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮৩ উপজেলার মধ্যে তিনটির ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া লালমনিরহাটের পাটগ্রাম থানার ওসিকে প্রত্যাহার করেছে ইসি। প্রথম ধাপের ভোটের এক দিন আগে গতকাল শুক্রবার বিকেলে এক অনানুষ্ঠানিক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, অন্যান্য কমিশনার এবং অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমানসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

পরে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান বলেন, ‘নেত্রকোনার পূর্বধলা, লালমনিরহাটের আদিতমারী এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। বিভিন্ন ধরনের সমস্যার কারণে এসব উপজেলার ভোট স্থগিত হয়েছে। আর লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।’ আগামী রবিবার উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে চার বিভাগের ১২ জেলার ৮৩ উপজেলায় ভোট হওয়ার

কথা ছিল। তিন উপজেলা বাদ পড়ায় এখন ভোট হবে ৮০ উপজেলায়।

উপজেলাগুলো হলোÑ রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সদর, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া; কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, রাজীবপুর, কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী; নীলফামারীর ডোমার, ডিমলা, নীলফামারী সদর, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ এবং লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, লালমনিরহাট সদর ও কালীগঞ্জ। ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর, সরিষাবাড়ী, ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এবং নেত্রকোনার বারহাট্টা, দুর্গাপুর, খালিয়াজুরী, মোহনগঞ্জ, কেন্দুয়া, কলমাকান্দা, মদন ও সদর উপজেলা।

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সদর, ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর এবং হবিগঞ্জের বাহুবল, মাধবপুর, চুনারুঘাট, লাখাই, সদর, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সদর, বেলকুচি, চৌহালী, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, তাড়াশ ও উল্লাপাড়া; জয়পুরহাটের সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল; নাটোরের বাগাতিপাড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া; রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট ও বাঘা উপজেলা।