আগামীকাল থেকে শুরু হতে যাওয়া পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দল। গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এ কথা বলেন। প্রশাসন ও নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যা যা প্রয়োজন আপনারা করবেন। এবার কোনো ছাড় দেওয়া যাবে না। প্রার্থীর মুখ দেখে যেন কোনো পদক্ষেপ নেওয়া না হয়। ১০ তারিখের নির্বাচনে জনগণ যাতে অংশগ্রহণ করতে পারে, নির্বাচন যাতে উৎসবমুখর হয়; তার ব্যবস্থা আপনাদের করতে হবে। এজন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচন কমিশনকেও কঠোর থাকতে হবে।’
উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়ে নাসিম বলেন, ‘বড় একটি দল নির্বাচনে অংশ নিচ্ছে না। বর্জন করে বা নির্বাচন ভণ্ডুল করে কোনো অর্জন তারা করতে পারেনি গত কয়েক বছরে। আবারও তারা ভুল পথে যাচ্ছে। দলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।’ ১৪ দলের অন্যতম নেতা ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ধর্মের বিরুদ্ধে সংসদে উসকানিমূলক কোনো বক্তব্য দেননি দাবি করে তিনি বলেন, ‘রাশেদ খান মেনন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। সংসদে দেওয়া তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মান্ধ একটি দল মাঠে নেমেছে। তিনি ধর্মকে নিয়ে কোনো কটূক্তি করেননি।’
বৈঠকে ১৪ দলের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে সকাল ৯টায় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ১৯ মার্চ বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও ২৮ মার্চ ঢাকায় আলোচনা সভা রয়েছে। সভায় চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের মাগফিরাত কামনা করা হয়। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ ১৪ দলের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।