গণফোরামের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর এলাকার মানুষের দায়বদ্ধতা থেকেই সংসদে যোগ দিয়েছেন মন্তব্য করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, অন্য এমপিদেরও সংসদে যোগ দেওয়া উচিত। গতকাল শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজে দুদিনের জাতীয় মেডিকেল বিতর্ক উৎসবের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন দলটির অসুস্থ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ও বায়দুল কাদের দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে দলটির নেতাদের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘কে কোথায় কীভাবে চিকিৎসা পাচ্ছেন তার সঙ্গে খালেদা জিয়ার তুলনা করা মানে তাকে ওই পর্যায়ে নামিয়ে আনা। এ ধরনের তুলনা বিএনপির জন্য লজ্জাজনক। তার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা যেসব কথাবার্তা বলছেন তা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।’ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম মুসতানজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ। দেশের ৪৬ মেডিকেল কলেজের প্রায় পাঁচ শতাধিক বিতার্কিক এতে অংশ নেন।