নারী দিবসে মানববন্ধন

মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবি পোশাক শ্রমিকদের

মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করাসহ পাঁচ দফা দাবিতে সাভারে মানববন্ধন করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার  বেলা ১১টায় ধসে পড়া ‘রানা প্লাজার’ সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন। এ ছাড়া কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের প্রতি বৈষম্য দূরীকরণ, সহিংসতা-ধর্ষণ-নির্যাতন বন্ধ এবং রাজাসন এলাকার সিগনেচার ইন স্টিচ অ্যাপারেলস কারখানা চালু এবং ২৭০ শ্রমিকের বকেয়া বেতন-ভাতা পরিশোধেরও দাবি জানান তারা। ফেডারেশনের সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, শ্রমিকনেতা ইসমাইল হোসেন ঠাণ্ডু, রতন হোসেন মোতালেব, রুবিনা আহমেদ, খাদিজা আক্তার, সিগনেচার গার্মেন্টসের শ্রমিক হালিমা বেগম প্রমুখ।

সুমাইয়া ইসলাম বলেন, ‘বর্তমানে সরকারি শ্রমিক-কর্মচারী নারীদের ৬ মাসের ছুটি থাকলেও বেসরকারি খাতে ১১২ দিনের ছুটি প্রদান করা হয়। এই বৈষম্য দূর করে  গার্মেন্টসহ বেসরকারি সব সেক্টরে ৬ মাস মাতৃত্বকালীন ছুটির দাবি জানাচ্ছি।’

রফিকুল ইসলাম সুজন বলেন, গত ২০ ফেব্রুয়ারি শ্রমিকদের ৪ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই হঠাৎ সিগনেচার ইন স্টিচ অ্যাপারেলস কারখানা তালাবন্ধ করে পালিয়ে যায় কর্র্তৃপক্ষ। ওই কারখানার ২৭০ শ্রমিকের ৪ মাসের বেতন-ভাতা অবিলম্বে পরিশোধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি । এর আগে সকাল ১০টায় মজিদপুর মহল্লার ফেডারেশন চত্বর থেকে বের হয়ে একটি শোভাযাত্রা আরিচা মহাসড়ক ঘুরে সেখানে আসে।

অন্যদিকে দুপুরে একই স্থানে গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ, বাসা-বাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ নিশ্চিতসহ এ খাতে দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে বাসদ। সাভার উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট সৌমিত্র কুমার দাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার সদস্য ও সাভার পৌর সমন্বয়ক আহমেদ জীবন, আশুলিয়া থানার নেতা মিলন মিয়া, সাঈদ মিয়া, আবুল কালাম প্রমুখ।